সিলেটসহ সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু


সিলেটমিডিয়াডেস্ক: সিলেটসহ দেশের সবকটি শিক্ষাবোর্ডের অধিনে উচ্চ-মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে।
আজ প্রথমদিন এইচএসসিতে বাংলা প্রথমপত্র, মাদ্রাসায় আলিমে কুরআন মাজিদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়।
এবার ১০ বোর্ডে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২ হাজার ৫৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এবার ৮ হাজার ৯৪৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসছে। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র এবং ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।
এদিকে প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে নেয়া হয়েছে নানা ব্যবস্থা। পরীক্ষার দিন থেকে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।
এবার এই পরীক্ষাকে সামনে রেখে কিছু নতুন সিদ্ধান্তসহ মোট ১৬টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা লটারি করে ঠিক করা হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কোনো মুঠোফোন নম্বরে একাধিকবার একই অঙ্কের টাকার সন্দেহজনক লেনদেন হয়, তাহলে থানায় অবহিত করবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মুঠোফোনসহ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। এ ছাড়া পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ থাকবে।
এইচএসসি পরীক্ষার প্রশ্ন কেনাবেচা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হতে দেখলে ৯৯৯-তে জানাতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।




