জাতীয়লিড নিউজ

মসজিদের দানবাক্সে ৮৪ দিনে ৮৪ লাখ টাকার বেশি জমা!

সিলেটমিডিয়াডেস্ক:: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্স ৮৪ দিন পর খুলে ৮৪ লাখ ৯২ হাজার টাকা পাওয়া গেছে। সর্বশেষ গত ৬ জানুয়ারি মসজিদটির দানবাক্স খোলা হয়েছিল। সেসময় পাওয়া গিয়েছিল এক কোটি ২৭ লাখ টাকার অধিক। ৮৪ দিনের মাথায় গত শনিবার বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আলমগীর হুছাইনের উপস্থিতিতে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার পাওয়া অর্থের হিসাবে দিনে গড়ে জমা পড়ছে লাখ টাকার বেশি।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে সদর উপজেলার গাইটাল এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ। এটির ইতিহাস প্রায় আড়াইশ বছরের পুরনো। আনুমানিক চার একর জমির ওপর পাগলা মসজিদ কমপ্লেক্স। তিনতলা ও তিন গম্বুজের এ মসজিদের উঁচু মিনার দূর থেকেও নজরে আসে। সাম্প্রতিক সময়ে দানবাক্সে কোটি টাকা দানের ঘটনায় ওই মসজিদ ঘন ঘন সংবাদ শিরোনামে আসছে।

এর আগে গত বছর ২৬ আগস্ট পাগলা মসজিদের দানবাক্সে এক কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা পাওয়া গিয়েছিল। এরপর গত ৬ জানুয়ারিতে পাওয়া যায় এক কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা। টাকার সঙ্গে পাওয়া যায় মার্কিন ডলার, বৃটিশ পাউন্ড, সৌদি রিয়াল আর বেশ কিছু স্বর্ণালংকারও ছিল। এবারো টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো.সাঈদ জানান, গণনা শেষে টাকাগুলো রূপালি ব্যাংকের স্থানীয় শাখায় জমা দেয়া হয়েছে। আর স্বর্ণালঙ্কারগুলো আগে পাওয়া স্বর্ণালঙ্কারের সঙ্গে সিন্দুকে রাখা হয়েছে। সেগুলোর পরিমাণ ও দাম এখনও নির্ধারণ করা হয়নি।

Related Articles

Back to top button