লিড নিউজ
গোলাপগঞ্জে আটক ছিনতাইকারীকে জেল হাজতে প্রেরণ


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউপির ভিজিএফের ২লাখ ৭৮ হাজার টাকা ছিনতাই চক্রের সদস্য কুখ্যাত ছিনতাইকারি সুমন আহমদ (৩৪)কে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তার বাড়ি উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে। সে হাজী আব্দুর রহমানের ছেলে। বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে এসআই মনজুরুল ইসলাম, শংকর চন্দ্র দেব, এএস আই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে সুমন আহমদকে গ্রেফতার করেন।
ছিনতাইকারি সুমন আহমদকে আটকের পর পুলিশ ইউনিয়ন সচিব আব্দুল জব্বারকে সংবাদ দিলে তিনি এসে ছিনতাইকারিকে চিহ্নিত করেন এবং ওই সুমনই তার হাতে দা দিয়ে কুপ দেয় পরে তার সহযোগীরা টাকা নিয়ে পালিয়ে যায় বলে তিনি জানান।
এদিকে থানা সুত্রে জানা যায় আটক সুমন আহমদ অপর সহযোগীদের নাম প্রকাশ করেছে তবে গ্রেফতারের স্বার্থে অপর সহযোগীদের নাম ঠিকানা গোপন রাখা হয়েছে। গতকাল আটক ছিনতাইকারি সুমন আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে ছিনতাইকৃত টাকা এখনও উদ্ধার হয়নি বলে জানা যায়।
উল্লেখ্য, গত সোমবার ভাদেশ্বর ইউনিয়নের সচিব আব্দুল জব্বার ইউনিয়নের জুলাই মাসের মৎস্য ও কৃষিজীবীদের ভিজিএফের ২লাখ ৭৮হাজার টাকা গোলাপগঞ্জ উপজেলা সদরের সোনালী ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে উত্তোলন করে সিএনজি অটোরিক্সায় ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে সিলেট-ঢাকাদক্ষিন সড়কের রাঙ্গাডহর বাজারের পাশে বাদশা মিয়ার বাড়ির সামনে যাওয়া মাত্র দু’টি পালসার মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে ৪/৫ জনের ছিনতাইকারি চক্র আক্রমন করে এবং ওই চক্রের একজন প্রকাশ্যে দা দিয়ে ডান হাতে কুপ দিয়ে আহত করে টাকার বেগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ইউনিয়ন সচিব আব্দুল জব্বার গোলাপগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা ৪ জনের নাম উল্লেখ করে (মামলা নং ৪) দায়ের করেন।




