জামালগঞ্জে পাঁচশ’ লিটার তেলসহ আটক ১


জামালগঞ্জ প্রতিনিধি: ৫০০ লিটার সরকারি তেলসহ এক ব্যক্তিকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বুড়িডাকুয়া বিলের পার্শ্ববর্তী এলাকা থেকে আটক করেছে (ডিবি) পুলিশ।
বুধবার (১৮ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কমর উদ্দিন (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক কমর উদ্দিন সাচনাবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়া শুকদেবপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের পাশ্ববর্তী এলাকায় রক্তি নদী খননের কাজ চলছে। আটককৃত ব্যক্তি সেখানকার ড্রেজারের তেল অবৈধভাবে বিক্রির জন্য মজুদ করেন।
সাচনাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিন সুহেল বলেন, ‘কমর উদ্দিন জানিয়েছেন, তিনি রক্তি নদীর খনন কাজের ব্যবহৃত ড্রেজার মেশিনের সরকারি তেল কিনতেন। পরে এগুলো মজুদ করে বিক্রি করতেন।’ এর সঙ্গে বড়ো একটি চক্র জড়িত বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া বলেন, ‘হাওর এলাকার নদী খনন করে আগাম বন্যার হাত থেকে বোরো ফসল রক্ষার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে নদী খনন করছে।’ সরকারি তেল বিক্রির অবৈধকাজের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তিনি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ‘সরকারি তেল মজুদের বৈধ কোনও কাগজ দেখাতে না পারায় তাকে তেলসহ আটক করা হয়েছে। তদন্তর পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।’




