

সিলেটমিডিয়াডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে অপহৃত দুই বছরের শিশুকে কানাইঘাট থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।
শুক্রবার দুপুরে র্যাব-৯ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলী হায়দার জানান, গত বুধবার কোম্পানীগঞ্জ থেকে আব্দুল জলিলের শিশু ছেলে জুনায়েদ ইসলাম কাশেমকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কানাইঘাটের আকতালু গ্রামের মো. নুরুল হকের ছেলে আব্দুল্লাহ।
পরে শিশুটির বাবা কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করে বিষয়টি র্যাবকে অবহিত করে। র্যাবের একটি বিশেষ দল কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী আব্দুল্লাহকে আটক করা হয়।
শিশু জুনায়েদকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব অধিনায়ক।




