লিড নিউজ

সুনামগঞ্জে কলেজছাত্রীর ছুরিকাঘাতকারীকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগে ডালিম আহমদ শুভ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মাটিয়াইন হাওর থেকে ধাওয়া করে পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে।

 

উপজেলা সদর ইউনিয়নের জয়নগর গ্রামের আশ্রাদ আলীর মেয়ে শামিমা আক্তার নাসরিন (২১) প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সুনামগঞ্জ থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গত শনিবার রাতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে বীরনগর গ্রামসংলগ্ন সেতুতে সিএনজি অটোরিকশা থেকে নামার পর পরই তার মুখের একাধিক স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডালিম। নাসরিন পার্শ্ববর্তী জামালগঞ্জ ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী। পরে আহত ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাতেই জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনার পরদিন কলেজছাত্রীর বাবা ডালিমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এরপর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় উপজেলার মাটিয়াইন হাওর থেকে ধাওয়া করে পুলিশ মঙ্গলবার রাত ৮টার দিকে ডালিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

 

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দনন কান্তি ধর জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button