লিড নিউজ

সারা দেশে বিএনপি জামায়াতের ৪৭৩ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্কঃ

পুলিশের অভিযান অব্যাহত সারা দেশে বিএনপি জামায়াতের ৪৭৩ নেতাকর্মী গ্রেফতার পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে গ্রেফতার অব্যাহত রয়েছে। সোমবার বিকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠনের অন্তত ৪৭৩ নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন, নাশকতা পরিকল্পনায় গোপন বৈঠক, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গত আট দিনে বিএনপির দেড় সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার হল। গ্রেফতারের ভয়ে নেতাকর্মীরা এখন বাড়িঘর ও এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আগামীকাল ওই মামলার রায়ের দিন ধার্য রয়েছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্তত ৩৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী ও চারঘাট : রাজশাহী মহানগর ও জেলায় ৯৬ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির ৫ ও জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী রয়েছে। আটককৃতদের মঙ্গলবার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে।

রংপুর :সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ মোট ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৫, জামায়াতের ১০ এবং শিবিরের চার নেতাকর্মী রয়েছে। বাকি ৭১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা :জামায়াত-বিএনপির ৪৬ নেতাকর্মীসহ ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

জামালপুর ও সরিষাবাড়ী : জেলার ৭ উপজেলা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াত নেতাসহ ৭০ জন আটক হয়েছে। সরিষাবাড়ীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ঝিনাইদহ : বিএনপির ১৫ ও জামায়াতের ৫ নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৮টি হাত বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত নেত্রী নাজমা বেগমকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি :খাগড়াছড়িতে বিএনপির ৩৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাতকানিয়া ও চন্দনাইশ (চট্টগ্রাম) : সাতকানিয়ায় বিএনপির ৩ ও জামায়াতের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। চন্দনাইশ উপজেলায় বিএনপির ২ ও এলিডিপির ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জীবননগর ও দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : জীবননগরে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে গাঁজাসহ জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের বিদায়ী সভাপতি মেহেদী হাসান ওরফে ডেও হাসানসহ ১০ জন, ওয়ারেন্টভুক্ত ১ জনসহ বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী রয়েছে। দামুড়হুদা উপজেলায় জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ী ও বালিয়াকান্দি : জেলার পাঁচ উপজেলা থেকে বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মাগুরা : মাগুরা সদর, শ্রীপুর, শালিখা এবং মহম্মদপুর উপজেলা থেকে বিএনপি-জামায়াতের এবং অঙ্গ-সংগঠনের মোট ৩১ কর্মীকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনা মদন খালিয়াজুরী কেন্দুয়া বারহাট্টা দুর্গাপুর : জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গণগ্রেফতার এড়াতে বিএনপির নেতাকর্মীরা বাসাবাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যাচ্ছে। মদন উপজেলায় বিএনপির ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা করেছে পুলিশ।

বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ : বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ নেতাকর্মী আটক হয়েছে। ফেঞ্চুগঞ্জে বিএনপি ও যুবদলের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম রাজারহাট রৌমারী নাগেশ্বরী ও ফুলবাড়ী : জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৮ ও জামায়াতের ২ নেতাকর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর টেকেরহাট ও কালকিনি : জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহানদার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন মিঠু ও কালকিনি উপজেলার বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ। টেকেরহাটে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

কালিহাতী ও ঘাটাইল (টাঙ্গাইল) : কালিহাতীতে বিএনপির ২ ও জামায়াতের ১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘাটাইল উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।

কচুয়া ও হাজীগঞ্জ (চাঁদপুর) : কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধানসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ছাড়া হাজীগঞ্জে বিএনপির ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

ভোলা : জেলার বিভিন্ন এলাকা থেকে ৩ বিএনপি নেতাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

আমতলী (বরগুনা) : আমতলীতে ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

নীলফামারী ও কিশোরগঞ্জ : জেলায় বিএনপি-জামায়াতের সাত নেতাসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কেশবপুর (যশোর) :কেশবপুর পৌর ছাত্রদলের সদস্য শেখ ইসলাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : কোম্পানীগঞ্জে বিএনপি ও ছাত্রদলের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গৌরনদী (বরিশাল) : গৌরনদী উপজেলা জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গফরগাঁও ফুলবাড়ীয়া ফুলপুর ভালুকা ও হালুয়াঘাট : গফরগাঁওয়ে বিএনপির ২ ও জামায়াতের ১ নেতাকে গ্রেফতার করেছে। ফুলবাড়ীয়ায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। হালুয়াঘাটে যুবদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। ফুলপুরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। ভালুকা উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

বাগেরহাট : জেলার বিএনপি ৭ নেতাকর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধা : জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সুনামগঞ্জ তাহিরপুর ও জগন্নাথপুর : জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বুড়িচং ও বরুড়া (কুমিল্লা) : বুড়িচংয়ে বিএনপি ১ ও জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বরুড়ায় বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে ৪ বিএনপি নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। শ্রীমঙ্গল থানার এসআই জাকারিয়া বাদী হয়ে দায়েরকৃত মামলায় আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে

যশোর : যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোরের পদ্মবিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস আবু সাঈদ মো. শাহাদৎ হুসাইনকে আটক করা হয়েছে।

রাঙ্গামাটি : জেলা বিএনপি সভাপতি মো. শাহ আলমসহ ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

নওগাঁ : নওগাঁয় বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

টেকনাফ (কক্সবাজার) : বিএনপি ও যুবদলের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বান্দরবান : বিএনপি ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর (গাজীপুর) :কালিয়াকৈরে বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

ঢাকা (উত্তর) : টঙ্গীতে দু’দিন পৃথক অভিযান চালিয়ে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর : জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে শহরের রঘুনাথবাজার এলাকায় সোমবার রাত ৯টায় দিকে এনএসআইয়ের উপপরিচালকের গাড়িসহ কমপক্ষে ১০টি ইজিবাইক ভাংচুর করেছে বিএনপি সমর্থক বিক্ষুব্ধ কর্মীরা। একই সঙ্গে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।

বগুড়া : ধুনট উপজেলায় এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখানে বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ।

শ্রীপুর (গাজীপুর) : বিএনপি নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) এক কাউন্সিলরসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন থেকে হাসান উদ্দিন সরকার, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু আহমেদ, স্কুল শিক্ষক আজিজুল হক রাজু মাস্টার ও ব্যবসায়ী হাসান উদ্দিন লস্করকে গ্রেফতার করে পুলিশ। এর আগে দুপুরে জিসিসি কাউন্সিলর ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিনকে তার পূবাইল এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।

সুত্রঃ যুগান্তর

Related Articles

Back to top button