বিয়ানীবাজারে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত


বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার থেকে মাদকের বিরুদ্ধে পুরোপুরি নির্মূল করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
গত ক’দিনের ব্যবধানে একাধিক মাদক বিরোধী অভিযানে সফলতা পায় তারা। এসব অভিযান থেকে ইয়াবা ও মদ উদ্ধারের পাশাপাশি গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়।
এছাড়া ৪০বছরেরও বেশী সময় থেকে বারইগ্রামের মুছিবাড়ির মাদক স্পট বন্ধ করা হয়েছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলা থেকে মাদক নির্মূলে কঠোর মনোভাব গ্রহণ করেছে পুলিশ। এখন আর কোথাও চিহ্নিত কোন মাদক স্পট নেই।
ভ্রাম্যমান দু’একজন এ ব্যবসায় জড়িত থাকলেও তাদের গ্রেফতারে অভিযান চলছে। গত বুধবার রাত ১০টার দিকে পৌরশহরের নয়াগ্রাম রোড থেকে মদসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলো ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা গ্রামের শ্যাম কর্মকারের পুত্র শ্যামল কর্মকার (২৪) এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলার কারপার গ্রামের জিতেন সরকারের পুত্র বিদ্যুৎ সরকার (২৪)।
মঙ্গলবার ভোরে উপজেলার শারোপার সড়কের তাজপুর এলাকা থেকে ৩৫ বোতল মদসহ মোবারক আলী (৩৬) নামের একজনকে গ্রেফতার করা হয়। সোমবার পৌরশহরের জামান প্লাজা থেকে আব্দুল খালিক (৫৫) নামের একজনকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
গত ১০জুন আলীনগর থেকে ১ কেজি গাঁজাসহ উজানঢাকি এলাকার গোবিন্দশ্রী গ্রামের বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়। গত ১৬এপ্রিল পৌরশহরের জামানপ্লাজা থেকে ইয়াবাসহ আরেক যুবককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ‘বৈরাগীবাজার, বারইগ্রামসহ বিভিন্ন হাট-বাজারের চিহ্নিত স্পটগুলো চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে।
আমরা মাদকে কোন ধরণের ছাড় দিবনা। প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের পূণর্বাসনের উদ্যোগ নেয়া হবে।’ তিনি উপজেলায় মাদক বিক্রি বন্ধে সবমহলের সহযোগীতা কামনা করেন।




