সুনামগঞ্জে পুলিশের ওপর গ্রামবাসীর হামলা!


সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
শনিবার পৌরসভার গনিপুর গ্রামে নারী নির্যাতন মামলার ওই আসামিকে ছিনিয়ে নেয়ার পর পুলিশ গ্রামে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, আতাউর রহমানগনিপুর মসজিদের ইমাম। তিনি নারী নির্যাতন মামলার পলাতক আসামি।
গত বছরের ডিসেম্বর মাসে সদর উপজেলার শাখাইতি গ্রামের মাওলানা রিয়াজ উদ্দিনের মেয়ে হাবিবা আক্তার বাদী হয়ে তার স্বামী আতাউর রহমান, দেবর কামরুল, শ্বশুর আবুল কাশেম, চাচা শ্বশুর আবুল কালাম এবং ননদ সুচনা বেগমকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি আতাউর ও তার স্বজনরা পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকালে তাদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। আতাউরকে গ্রেফতার করে থানায় নেয়ার সময় তার স্বজন ও গনিপুর গ্রামের কিছু লোক পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




