সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী আর নেই


ডেস্ক রিপোর্ট :সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক চৌধুরী (৮৪) আর নেই (ইন্না—–রাজিউন)। বুধবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে ফারুক চৌধুরী ইন্তেকাল করেন।
সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত সমশের মবিন চৌধুরী সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।
আজ বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে ফারুক চৌধুরীর জানাজা হবে। এর আগে তাঁর মরদেহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হবে। সেখানেও তাঁর জানাজা হওয়ার কথা।
ফারুক চৌধুরী নামেই বেশি পরিচিত সাবেক এই পররাষ্ট্রসচিবের পুরো নাম ফারুক আহমেদ চৌধুরী। ১৯৩৪ সালের ৪ জানুয়ারি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তিনি প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর বড় ভাই। তাদের গ
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালনের পর ফারুক চৌধুরী ভারতসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে সার্কের জন্মলগ্নে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯২ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ফারুক চৌধুরী ব্র্যাকের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। ব্র্যাক পরিচালনা পর্ষদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি। এ ছাড়া বেসরকারি গৃহায়ণ প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের চেয়ারম্যান ছিলেন।
ফারুক চৌধুরীর লেখা বইয়ের মধ্যে রয়েছে ‘জীবনের বালুকাবেলায়’, ‘দেশ দেশান্তর’, ‘প্রিয় ফারজানা’, নানাক্ষণ নানা কথা’, ‘স্বদেশ স্বকাল স্বজন’ ইত্যাদি। এ ছাড়া পত্রিকায় নানা বিষয় নিয়ে কলাম লিখতেন এবং আন্তর্জাতিক বিষয় বিশ্লেষণ করতেন।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফারুক চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার ও আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পান।




