লিড নিউজ

মৌলভীবাজারে উত্তরণ প্রকল্পের ৯৬ প্রশিক্ষণার্থী নির্বাচিত

সিলেটমিডিয়াডেস্ক: উত্তরণ প্রকল্পের উদ্যোগে সম্প্রতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় প্রকল্পের তৃতীয় রাউন্ডের প্রশিক্ষণার্থী নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণার্থী নির্বাচনী ক্যাম্পের মাধ্যমে তিনটি ধাপে সঠিক যোগ্যতা সম্পন্ন ও আগ্রহী প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। প্রথমধাপে গত ৫ – ১১ ফেব্রুয়ারী শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সচেতনতামূলক কার্যক্রম যেমন মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ ও ব্যানার প্রদর্শন করা হয়।

প্রশিক্ষণার্থী নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ৮ – ১২ ফেব্রুয়ারী শ্রীমঙ্গল, কালাপুর ও কমলগঞ্জ ইউনিয়ন পরিষদে ৫ দিনব্যাপী প্রশিক্ষণার্থী নির্বাচনী ক্যাম্প আয়োজন করা হয়। নির্বাচনী ক্যাম্পে আগত ১৫১ জন প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তার ব্যাক্তিগত, আর্থিক, পারিবারিক ও সামাজিক অবস্থার পর্যালোচনা করে ৯৬জন সঠিক, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এই ক্ষেত্রে ভিন্নভাবে সক্ষম ব্যক্তি ও নারীদের অগ্রাধিকার দেওয়া হয়।

তৃতীয় ও শেষ ধাপে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে গত ১১ – ১৪ ফেব্রুয়ারী শ্রীমঙ্গলে অবস্থিত ব্র্যাকলার্নিং সেন্টারে চারটি ব্যাচে অনুপ্রেরণামূলক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি দক্ষতা প্রশিক্ষণ গ্রহণও সম্পন্ন করার আগ্রহ এবং প্রশিক্ষণ শেষে কর্মে যোগদানের মানসিকতা যাচাই করা হয়। প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্য থেকে উপযুক্ত মনন ও কর্মস্পৃহা সম্পন্নদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে।

কর্মশালার শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। সনদপত্র বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের প্রতিনিধি শ্রীনিবাস চন্দ্র নাথ এবং সুইসকন্টাক্ট এর প্রতিনিধি মামুনুর রহমান।

উত্তরণ-উন্নত জীবনের লক্ষ্যে – তিনবছর মেয়াদী একটি দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প যা শেভরন এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে সুইসকন্ট্যাক্ট। উক্ত প্রকল্পের আওতায় সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার ১৪০০ সদস্যকে বিভিন্ন কারিগরি বিষয়ে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে উন্নত কর্মসংস্থান এর ব্যবস্থা করা হবে। উত্তরণ প্রকল্পের অধীনে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের নির্বাচিত প্রশিক্ষণার্থীগণ ইতিমধ্যেই বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

Related Articles

Back to top button