মৌলভীবাজারে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন


সিলেটমিডিয়াডেস্ক: মৌলভীবাজারের হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এ সময় একই মামলায় অন্য দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বড়লেখা উপজেলার পুকুরিয়া গ্রামের আব্দুল বারির ছেলে আছার উদ্দিন (৩০) এবং একই গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে সমজ আলী (২০)।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ জানান, ২০০৬ সালে ২৩ মে রাত ১২টা হতে ভোর ৪টার মধ্যে যেকোন এক সময় আসামিরা হারুন অর রশিদকে হত্যা করে, গাছে সঙ্গে ঝুলিয়ে রাখে। এবং এলাকায় প্রচারণা চালায় রশিদ আত্মহত্যা করেছে। পরবর্তীতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় আসামি আছার উদ্দিন, সমজ আলী, বদরুল ইসলাম প্রকাশ বদরুল এবং হারুনকে গ্রেফতার করে।
বিবাদীপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট না, তাই উচ্চ আদালতে যাব আমরা।
মামলার অভিযোগ, ২০০৬ সালের ২৩ মে জেলার বড়লেখা উপজেলার ছাতারখাই গ্রামের আব্দুল আহাদের (চুনু মিয়া) ছেলে হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি একই গ্রামের আব্দুল শুকুরের পুকুরের উত্তর পাড়ে রেন্টি গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ২৬ মে বড়লেখায় থানায় আব্দুল আহাদ (চুনু মিয়া) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।




