লিড নিউজ

খালেদার মামলার আইনজীবী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ড. কামাল!

মিডিয়া  ডেস্কঃ   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার আইনজীবী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ড. কামাল হোসেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর মতিঝিলে এই প্রবীণ আইনজীবীর চেম্বারে গিয়ে এ প্রস্তাব দিলে তিনি তা ফিরিয়ে দেন। দলের নির্বাহী সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী এসব তথ্য জানান তিনি।

ফিরিয়ে দেয়ার কারণ জানতে চাইলে সুব্রত চৌধুরী বলেন, ড. কামাল হোসেন বলেছেন, তিনি ক্রিমিনাল (ফৌজদারি) মামলা করেন না। তাই এই মামলা নিতে পারছেন না। তবে খালেদা জিয়ার প্রতি তার সহমর্মিতা আছে বলেও জানিয়েছেন ড. কামাল।

মঙ্গলবার সকাল ১১টার দিকে খালেদা জিয়ার আইনজীবী হবার প্রস্তাব নিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ওই সময় খালেদা জিয়ার অন্যতম আইনজীবী রেজাক খান ও আমিনুল ইসলাম তার সঙ্গে ছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হয়েছে খালেদা জিয়াকে। এরই মধ্যে হাইকোর্টে তার জামিন আবেদন শুনানি হয়েছে। বিচারিক আদালত থেকে নথি পাওয়ার পর জামিনের ব্যাপারে আদেশ দেবেন হাইকোর্ট।

Related Articles

Back to top button