এমপি ইউসুফ আর নেই


সিলেটমিডিয়াডেস্ক: সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ আর নেই। রোববার সকাল আটটা ২০ মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে মোহাম্মদ ইউসুফের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
চলতি বছরের শুরুর দিকে চট্টগ্রাম-৭ আসনের সাবেক এই এমপির অসুস্থতা ও মানবেতর জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হয়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে মোহাম্মদ ইউসুফের চিকিৎসার দায়ভার নেন তিনি।
রাঙ্গুনিয়া কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন মোহাম্মদ ইউসুফ। পরে তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
মোহাম্মদ ইউসুফ ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই এনডিপির প্রার্থী গিয়াস কাদের চৌধুরীকে পরাজিত করেন।
১৯৭৩ সালে কর্ণফুলি পাটকলে কেরানী পদে চাকরি দিয়ে মোহাম্মদ ইউসুফের কর্মজীবন শুরু। আজীবন শ্রমজীবী মানুষের জন্য নিবেদিত প্রাণ ইউসুফ ব্যক্তিজীবনে অবিবাহিত ছিলেন।




