লিড নিউজ

ওসমানী বিমানবন্দরের উন্নয়নে ৪৫২ কোটি টাকার প্রকল্প

সিলেট মিডিয়া : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়নে ৪৫২ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)। উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ। এই প্রকল্প বাস্তবায়নের পর এখানে বড় উড়োজাহাজ উঠানামা করতে পারবে।

শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভার বিস্তারিত সাংবাদিকদের জানান।

তিনি জানান, ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করণের মাধ্যমে ওয়াইড বডি বোয়িং ৭৭৭ মডেলের বিমানসহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য ৪৫২ কোটি  টাকার  প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটিকে আধুনিকায়নের মাধ্যমে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

একনেকের ওই সভায় ওসমানী বিমানবন্দর উন্নয়ন প্রকল্পসহ ২ হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকার প্রাক্কলিতব্যয় সংবলিত ৮টি নতুন ও  সংশোধিত প্রকল্প  অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যয়ের পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠকে মন্ত্রী পরিষদ সদসরা, প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button