লিড নিউজ

সন্ধান মিলেছে লিডিং ইউনিভার্সিটির উধাও সেই ছাত্রের

সিলেট মিডিয়া ডেস্কঃ  চিঠি লিখে রেখে বাসা থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমাদ আহমেদ চৌধুরী (২৩)-এর সন্ধান মিলেছে। শুক্রবার কুমিল্লায় ইমাদের সন্ধান পায় পরিবার।

ইমাদ আহেমদ চৌধুরীর বড় ভাই জিল্লুর রহমান চৌধুরী তাঁর ছোটভাইয়ের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করেন। ‘পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় হতাশা থেকে ইমাদ বাড়ি থেকে পালিয়েছিলো। পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়টি সে আগে আমাদের জানায়নি।’-জানান জিল্লুর রহমান।

ইমাদকে পাওয়ার কথা কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের (তৃতীয় বর্ষ) ছাত্র ইমাদ আহমেদ চৌধুরী বৃহস্পতিবার সকালে বাসা থেকে পালিয়ে যান। বৃহস্পতিবার সকালে ইমাদের বাসায় পড়ার টেবিলে ওই চিঠি পাওয়া যায়।

চিঠিতে লেখা- ‘আমার যাওয়ার পেছনে কারও হাত নেই। সম্পূর্ণ নিজের চিন্তায় সিদ্ধান্ত নিয়েছি। কেউ কিছু বললে প্রমাণ স্বরূপ এই চিঠি দেখাবেন। আমি কোনও জঙ্গি দলে যোগ দিচ্ছি না, খারাপ কাজ বা খারাপ পথেও কোনোদিন চলবো না…!’

ইমাদ আহমেদ চৌধুরী সিলেট নগরীর দরগাহ মহল্লার পায়রা আবাসিক এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

Related Articles

Back to top button