লিড নিউজ

ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : চাঁদাবাজি মামলায় অভিযুক্ত সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল আহমদ জনি, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেছ, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, ছাত্রলীগ কর্মী ফয়ছল আহমদ ও কাবিলুর রহমান সুহেল।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহসান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়।

জানা যায়, গত ১২ জানুয়ারি রাতে শাহজালাল সার কারখানা এলাকায় আবাসিক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আহমদ নির্মাণ সংস্থা অ্যান্ড এস রায়হান ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপক আব্দুল মান্নানকে অপহরণ করে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন এলাকায় নিয়ে চাঁদা দাবি করে আটকে নির্যাতন করেন ওই ৫ ছাত্রলীগ নেতাকর্মী। এসময় তাকে সাদা কাগজে স্বাক্ষর রেখে উপজেলার ফেরিঘাট এলাকায় নিয়ে ছেড়ে দেয়া হয়।

এ অভিযোগে ১৪ জানুয়ারি ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ওই ঠিকাদার। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ তাদের বহিষ্কার করে।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ ৫ নেতাকর্মী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button