লিড নিউজ
এবার সিলেটে আপন জুয়েলার্সের মালিকের বিলাসবহুল গাড়ি আটক


নিজস্ব প্রতিবেদক ::
‘আপন জুয়েলার্সের মালিকের’ বিলাসবহুল গাড়ি সিলেট থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার গাড়িটি আটক করা হয় বলে জানিয়েছে একটি সূত্র।
সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সহকারি কমিশনার প্রভাত কুমার সিংহ গাড়ি আটকের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ।
তিনি জানান, আটককৃত গাড়িটি সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে রয়েছে।
তবে গাড়িটি আপন জুয়েলার্সের মালিকের কিনা, তা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন তিনি।
তবে একটি সূত্র জানিয়েছে, গাড়িটি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমদেরই।
সূত্র জানায়, গাড়িটি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। ওই বাড়ি দিলদার আহমদের মামার বাড়ি বলেও জানিয়েছে সূত্র। মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটির মূল্য প্রায় দেড় কোটি টাকা।
সূত্র আরো জানায়, বিআরটিএ রেজিস্ট্রেশন অনুযায়ী গাড়িটি ২০১১ সালে তৈরী। তবে অনুসন্ধানে গোয়েন্দারা জানতে পেরেছেন, গাড়িটি ২০০২ সালে তৈরী করা হয়।




