লিড নিউজ

খালেদা জাতির সঙ্গে তামাশা করেছেন: প্রধানমন্ত্রী

এসবিএন ডেস্ক:
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতির সঙ্গে তামাশা করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যাকারী রাজাকার-আলবদরদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন খালেদা জিয়া। আর আজ তিনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে দেশের মানুষের সঙ্গে তামাশা করেছেন। কোন মুখ নিয়ে তিনি শহীদ বুদ্ধিজীবীদের স্ম‍ৃতিসৌধে যান। তার লজ্জা হওয়া উচিৎ।

তার সঙ্গে কিছু মুক্তিযোদ্ধাকেও দেখেছি তারা খালেদা জিয়ার সঙ্গে শ্রদ্ধা জানাতে গেছেন। তাদেরও লজ্জা থাকলে যেতে তার সঙ্গে যেতে পারতেন না। যিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন তার সঙ্গে কীভাবে সেখানে যান মুক্তিযোদ্ধারা। তাদের বিষয়ে মানুষকে আরও সচেতন হওয়া উচিৎ। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। যুদ্ধাপরাধীর বিচারের উদ্যোগ নেয়। কিন্তু বিএনপি সরকার তা বাতিল করে দেয়।

খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের মদদ দেন। কিন্তু ২০০৯ সালে সরকার গঠন করে যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করি। অনেক সময় দেশি-বিদেশি চাপ, বিশ্বের বড় বড় কেউ কেউটে যারা আছেন তারা টেলিফোন করেছেন এ বিচার বন্ধ করতে, কিন্তু আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করি। তাদের বিচার হবেই, বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button