লিড নিউজ

জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানীর স্বীকৃতি ইরানের

নিউজ ডেস্ক :: জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানীর স্বীকৃতি দিয়েছে ইরান। রোববার দেশটির সংসদের জরুরি অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। সংসদে উপস্থিত ২৩৩ সদস্যের মধ্যে ১৮৭ জন বিলের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১৫ জন। আর ভোট দেওয়া থেকে বিরত থাকেন নয়জন এমপি। খবর: প্রেস টিভি।

ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি ইরানের সংবিধানের ১ নং ধারায় যে সমর্থন ঘোষণা করা হয়েছে, তার আওতায় এ বিল পাস করা হয়। বিলটি এখন সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদের এজেন্ডাভুক্ত হবে।

ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করা পক্ষে তেহরান। শুরু থেকেই ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না ইরান।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেল আবিব থেকে তাদের দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন তিনি।

এরপর থেকেই ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় ওঠে। হামাস ইন্তিফাদার ডাক দেয়। ফিলিস্তিনের বিক্ষোভে ইসরাইলি সেনারা গুলি চালিয়ে এখন পর্যন্ত ৮ জনকে হত্যা করেছে। আহত হয়েছে কয়েকশ’ ফিলিস্তিনি।

ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে গত ১২ ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা পরিষদের (ওআইসি) জরুরি সম্মেলন থেকে পূর্ব জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দেওয়া হয়।

এরপর গত ২১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আনা একটি রেজ্যুলেশন ১২৮-৯ ভোটে পাস হয়।

Related Articles

Back to top button