জেএসসি ও জেডিসি’র ফল প্রকাশ ৩০ ডিসেম্বর


নিউজ ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হবে।
সোমবার বেলা ১২টার দিকে ডেমরা মাতুয়াইল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান। তিনি বলেন, ‘ আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হবে। তারপর নিজ নিজ স্কুল থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
প্রশ্ন ফাঁস বিষয়ে তিনি বলেন, ‘ অনেক আগে থেকেই প্রশ্ন ফাঁস হচ্ছে। আগে বিজি প্রেস ছিল প্রশ্ন ফাঁসের আখড়া। এখন শিক্ষকরাই প্রশ্ন ফাঁস করছেন। সরকারকে বিপদে ফেলতেই শিক্ষকরা প্রশ্ন ফাঁস করছেন। ’
পাঠ্যপুস্তক উৎসব সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে ২০১৮ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। আর ১ জানুয়ারিতে সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। সেদিনও সব শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে।’
শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বইয়ের বোঝা কমানোর কাজ শুরু হয়েছে। এ বছর সম্পূর্ণ কালারফুল ও উন্নত মানের কাগজে বই ছাপানো হয়েছে।’
এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মুফাদ আহমেদ চৌধুরী, জাতীয় পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণচন্দ্র সাহাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



