লিড নিউজ

এশিয়া কাপের ফাইনালের কথা মনে করিয়ে দিল যে খেলা

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে শেষ মুহূর্তের রোমাঞ্চকর লড়াইয়ে দুই রানে হারলেও অসাধারণ পারফরম্যান্স করল বাংলাদেশ। একাদশের ৭ উইকেটে ৩৫৪ রানের জবাবে বাংলাদেশ তুলতে পেরেছে ৮ উইকেটে ৩৫২। এদিন ব্যাটে রীতিমতো ঝড় তুলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ব্যাটিংয়ের শুরুটা খারাপ হয় বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই বিনুরা ফার্নান্দোর বলে সানদুন উইরাকোদোয়কে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য ও সাব্বির মিলে রানের চাকা সচল রাখেন। সাব্বির তুলে নেন হাফসেঞ্চুরি।

সাব্বিরের সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে ফিরে যান সৌম্য। ৪৩ বলে পাঁচ চার ও দুটি ছক্কায় ৪৭ রান করে সিরিবর্ধনের বলে আউট হন এ ওপেনার। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাব্বির। ৬৩ বলে ১১ চার ও এক ছক্কায় ঝড়ো গতির ব্যাট করে ৭২ করেন। আউট হন সিলভার বলে।

ব্যক্তিগত ২০ রান করে সিলভার দ্বিতীয় শিকার হন মুশফিক। তবে হাফসেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৩ রানে ধনাঞ্জয়ার বলে আউট হওয়ার আগে খেলেন ৫০ বল। ছিল চারটি চার ও দুটি ছক্কা। ধনাঞ্জয়ার আরও দুটি শিকারে পরিণত হন শুভাগত হোম ও সানজামুল ইসলাম।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাত্র ২৮ বলে চারটি বাউন্ডারি ও সমান ওভার বাউন্ডারিতে তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মাশরাফি। দলকে টেনে তোলার চেষ্টায় ব্যাটে তোলেন ঝড়। একের পর এক চার আর ছক্কার বিনোদোন দেন। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৮ রান করে আউট হন তিনি। রিয়াদ ৬৮ বলে চারটি চার ও একটি ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন।

এর আগে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টসে জিতে ফিল্ডিং নেওয়া টাইগাররা নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৫৫ রানের বড় টার্গেট পায়। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ ৭ উইকেট হারিয়ে ৩৫৪ রানের বিশাল এই সংগ্রহ করে।

আগামী ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

Related Articles

Back to top button