লিড নিউজ

হাতি ‘লক্ষী’র আক্রমণে বৃদ্ধের মৃত্যু

আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার উপজেলার মালিকাধীন ‘লক্ষী’ নামের এক হাতির আক্রমণে কুলাউরা উপজেলার এক বৃদ্ধের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইছাক আলী ওরফে খাজা (৭৩) উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের ধার্মিক বাসিন্দা। স্থানীয়রা জানান, বাচ্চাসহ হাতি লক্ষীকে মাহুত টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার এলাকা অতিক্রম করে নিয়ে যাচ্ছিল। এসময় হঠাৎ হাতিটি ক্ষিপ্ত হয়ে পাশে অবস্থানকারী ইছাক আলীর উপর আক্রমন চালায়। হাতিটি বেপরোয়াভাবে তাকে লাথি মারতে মারতে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। উন্মত্ত ওই হাতিটি পৃথিমপাশা হয়ে কর্মধা ইউনিয়নের দিকে ছুটে যায়। সূত্রে জানা যায়, হাতি লক্ষ্মী’র মালিক বিয়ানীবাজার উপজেলায়। বর্তমানে কুলাউড়ার বাসিন্দা মস্তফা মিয়ার নির্দেশে বিক্রির উদ্দ্যেশ্যে হাতির মাহুত বদই মিয়া এবং সহকারী মাহুত ইয়াছির আলী যুগবীলে নিয়ে যান। সেখানে দরকষাকষিতে বনিবনা না হওয়ায় হাতি নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় তারা। ফেরার পথে টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পৌছালে হঠাৎ ইছহাক আলীকে আক্রমন করে এবং লাথিতে পিষ্ঠ করে চলে যায়। এদিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীমের দিক নির্দেশনায় কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিকের সহযোগিতায় হাতিটিকে নিয়ন্ত্রণে আনা হয়। নিহত ইছাক আলীর ভাতিজা আবু সুফিয়ান জানান, আছরের নামাজ পড়ে চাচা বাংলাবাজারের মধ্যখানে দাড়িয়ে ছিলেন। হঠাৎ হাতিটি চাচার উপর আক্রমন করে। প্রত্যক্ষদর্শী জলিল মিয়া বলেন, খুব দ্রুত হাতিটি উনার (ইছাক আলী) উপর আক্রমন করে। প্রথমে হাতির শুঁড় দিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। পরে লাথি দিতে দিতে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। হাতির সহকারী মাহুত ইয়াছিন মিয়া জানান, বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে গিয়েছিলাম লক্ষ্মীকে। কিন্তু বনিবনা না হওয়ায় ফিরে আসি। বাংলাবাজার এলাকায় এলে দুর্ঘটনাটি ঘটে। আমি ও মাহুত বদই মিয়া নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। বিনয় ভূষন রায় জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা জানান, হাতির মাহুত বদই মিয়ার সহযোগিতায় পায়ে শিকল বেঁধে লক্ষ্মীকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে সিলেট মর্গে পাঠানো হচ্ছে।

Related Articles

Back to top button