সিলেট নগরীর অধিকাংশ রাস্তার বেহাল দশা


নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর পাড়া-মহল্লার অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা। বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কয়েকটি সড়কের সংস্কারকাজ গত অর্থবছরে শুরু হলেও তা এখনও শেষ হয়নি। অধিকাংশ রাস্তার কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। বৃষ্টির দিনে রাস্তাঘাটে চলা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব রাস্তাঘাটে চলাচলে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, মহানগরীতে ৫৬৮ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে ৫৫ শতাংশ পাড়া-মহল্লায় এবং বাকি ৪৪ শতাংশ নগরের প্রধান সড়ক। পাড়া-মহল¬ার সড়কগুলোর এক তৃতীয়াংশ রাস্তাঘাট ভাঙাচোরা অবস্থায় রয়েছে। যদিও নগরবাসীর মতে মহানগরীর ভাঙাচোরা রাস্তার পরিমাণ আরও বেশি।
নগরীর রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, ৩১ পাড়া-মহল্লার সড়কের কার্পেটিং ও পাথরের খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দেখা যায় বিশাল গর্তের। পুকুর সদৃশ এসব গর্তে সবসময় জমে থাকে বৃষ্টির পানি। যা পথচারীদের জন্য অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিক্ষার্থীদের এসব স্থান সতর্কতার সহিত অতিক্রম করতে হয়। একটু অন্যমনস্ক হলেই রাস্তায় চলাচলকারী যানবাহনের চাকার পানি এসে নষ্ট করে দেয় তাদের পরিধেয় পোশাক। যা নিয়ে আর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব হয় না ওই শিক্ষার্থীর। প্রতিনিয়ত এমন বিড়ম্বনায় পড়তে হচ্ছে নগরীর শিক্ষার্থীদের।
নগরীর বনকলাপাড়া, সুবিদবাজার, আম্বরখানা, সেনপাড়া, কাজীরবাজার, শেখঘাট, নবাবরোড, আখালিয়া, বাগবাড়ি, নিহারিপাড়া, লেকসিটি, আখালিয়া, করেরপাড়া, রায়নগর, শাপলাবাগ, ভার্থখলা, শাহি ঈদগাহ, টিভিগেট, মদিনা মার্কেট, শিবগঞ্জ, মীরাবাজার, উপশহর, কালীবাড়ি, হাওলাদারপাড়া, ছড়ারপাড়, কামালগড়, কালীঘাট, লালদিঘিরপাড়, আগপাড়া, ধোপাদিঘিরপাড় দক্ষিণ সুরমার গোটাটিকর বিসিক শিল্পনগর এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত অর্থবছরে যেসব সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল, বর্ষা শুরু হওয়ায় সেসব কাজ এখন আটকে আছে। যেসব সড়ক নতুন করে ভেঙে গেছে, সেগুলো সংস্কারে উদ্যোগ নেয়া হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বিভাগ জানায় নগরীতে সওজের যেসব সড়ক রয়েছে, এর মধ্যে যে অংশে ভাঙাচোরা রয়েছে, সেখানে ইটের খোয়া, পাথর ও বিটুমিন ফেলে জরুরিভাবে সংস্কার করা হয়েছে। বর্ষা শেষে সড়কগুলোর পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হবে।
এদিকে, সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার বেহাল দশা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি পানি রাস্তা জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার পিচ উঠে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। বিশেষ করে গোটাটিকর বিসিক শিল্পনগরীর ১নং গোইটের ১নং রাস্তার অবস্থা খুবই করুন। রাস্তাটির দিকে তাকালে মনে হয় একটি বিশাল বড় পুকুর বা বড় কৃষি জমি। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তাটি মেরামতের দাবি জানিয়ে আসলেও সংশি¬ষ্টরা বিষয়টি আমলে নিচ্ছেন না।



