শুভাশিসকে নিয়ে যা বললেন মাশরাফি


ক্রীড়া ডেস্ক : চিটাগং ভাইকিংসের বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে মাশরাফি-সোহাগ গাজী। ইনিংসের তখন ১৭তম ওভার। শুভাশিস রায়ের ইয়র্কার ঠেকালেন মাশরাফি। নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন শুভাশিস। বল ধরে ছুড়ে মারতে উদ্যত হলেন মাশরাফির দিকে। মাশরাফি হাত ইশারায় যেন বললেন, ‘যা’।
মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন ১৬ বছর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি। বিশ্ব ক্রিকেটেই মাশরাফির আসন অনন্য উচ্চতায়। মাশরাফির তুলনায় শুভাশিস রায় ‘দুগ্ধপোষ্য শিশু’।
মাশরাফির ওই ইশারায় যেন তেলেবেগুনে জ্বলে ওঠলেন শুভাশিস! চরম ঔদ্ধত্যের সাথে তেড়ে গেলেন মাশরাফির দিকে! মাশরাফি তখন অবাক, হতবাক। এ কি দেখছেন তিনি! হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না মানুষ হিসেবেও অসাধারণ মাশরাফি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শুভাশিসের আচরণ নিয়ে প্রশ্ন ওঠলে মাশরাফি অল্প কথায় এড়িয়ে যেতে চাইলেন, “ঘটনা যা ছিল, তা সিরিয়াস কিছু নয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এ রকম হয়। সিরিয়াস কিছু নয়।’’
এরপরও প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন থেমে থাকে না। মাশরাফি মুচকি হাসিতে যে জবাব দিলেন, তাতে মিশে থাকল স্বভাবসুলভ বিনয়, “আমি…আমি মনে করি, আই শুড সে সরি টু হিম। আমারই সরি বলা উচিত। ক্রিকেটেরই অংশ। হয়ে থাকে এমন। ওর জায়গা থেকে হয়ত ঠিকই আছে। সে জিততে চায়, আমিও জিততে চাই।”
“যেহেতু সে আমার ছোট, আমার আরেকটু মাথা ঠাণ্ডা রাখলে ভালো হতো। সিরিয়াস কিছু হয়নি অবশ্যই। আমি জানি না, ওর কি করা উচিত ছিল। কিন্তু সিনিয়র হিসেবে আমার আরেকটু শান্ত থাকলে ভালো হতো।”
মাশরাফির এই বিনয়, এই নম্রতা যেন আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছিল, মানুষ কেন তাঁকে এতো ভালোবাসে, কেন মাশরাফি বলতে পাগল ক্রিকেটপ্রেমী জনতা।



