ফের আইসিইউতে মেয়র আনিসুল হক


নিউজ ডেস্ক :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে আবারও আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আনিসুল হকের স্ত্রী রুবানা হক গণমাধ্যমকে বলেন, সংক্রমণের কারণে আনিসুল হককে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
তবে তার শারীরিক অবস্থার অবনতির যে খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেয়রের পারিবারিক বন্ধু ও তার মালিকানাধীন নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুন নূর তুষার।
তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু কিছু কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ছে। এ ধরনের খবর প্রচার করা থেকে বিরত থাকার জন্য আমি গণমাধ্যমসহ সবার প্রতি আন্তরিক আহ্বান জানাই।’
গত ৪ আগস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল আনিসুল হককে। অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন।
অসুস্থ বোধ করায় অগাস্টের মাঝামাঝিতে লন্ডনের একটি হাসপাতালে গেলে সেখানে পরীক্ষা চলার মধ্যেই সংজ্ঞা হারান তিনি। পরে তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।



