গোলাপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি


গোলাপগঞ্জ প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলীকে হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারন ডায়েরী(জিডি) করা হয়েছে।
জানা যায়, গত ১৮ নভেম্বর দৈনিক যুগান্তরে গোলাপগঞ্জে পৌর এলাকার স্বরসতি গ্রামে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসী ও বালু উত্তোলনকারীদের মধ্যে সংঘর্ষের সংবাদ দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়।
এ সংবাদ প্রকাশের জেরে মুঠোফোনে যুগান্তর প্রতিনিধিকে হাত কেটে নেওয়ার হুমকি দেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর। হুমকির পর সাংবাদিক হারিছ আলী নিরাপত্তা চেয়ে মঙ্গলবার দুপুরে থানায় একটি জিডি করেছেন(জিডি নং ১০৭৬)।

জিডিতে তিনি উল্লেখ করেন-১৮ নভেম্বর বিকাল অনুমান ৩ টার দিলে ০১৭১১৪৬২১৪৮ মোবাইল নাম্বার থেকে
কল করে বলা হয়, আমার ইন্ধনে কিভাবে হামলা হল, তুমি লিখতে পার, আমি তোমার হাতও কাটতে পারি’। এর পর ২০ নভেম্বর বিকাল ৪ টার দিকে
একই নাম্বার থেকে আবারো হুমকি দিয়ে বলা হয়, “তুই কি আমাকে পরীক্ষা করতে চাস, জলদি আমার সাথে দেখা কর”।
এ ব্যাপারে সাংবাদিক হারিছ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসী ও বালুখেকোদের সংঘর্ষের ঘটনার সংবাদ প্রকাশ করায় আমাকে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।




