অবশেষে আটকেই গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি


নিউজ ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব থেকে বিদায় নিতে হলো চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে। সুইডেনের সঙ্গে জীবন-মরণ ম্যাচ শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হওয়ায় রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়লো ইতালি।
বাছাইপর্বের খেলা শুরু হওয়ার আগে থেকে ইতালিকে নিয়ে একটা আশঙ্কা কাজ করেছিল যে দলটি বিশ্বকাপে খেলতে পারবে তো? ম্যাচ শেষে সেই আশঙ্কাই সত্য হলো।
মিলনের সান সিরোয় সোমবার রাতে বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। প্রথম লেগে ১-০ গোলে জয় লাভ করায় বিশ্বকাপের নিজেদের খেলার সুযোগ পেয়ে গেল সুইডেন। এর ফলে ১২ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেল ২০০৬ সালে জার্মান আসরে খেলা সুইডেন।
নব্বই মিনিটের ওই খেলার বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ইতালির কাছেই। বেশ কয়েকবার সুইডেনের গোল পোস্টে সংঘবদ্ধভাবে আক্রমণও চালায় তারা। কিন্তু গোলের দেখা কোনোভাবেই পায়নি।
এদিকে ইতালির গোল পোস্টে সেভাবে আক্রমণ করতে না পারলেও তাদের ঠেকিয়ে রাখতে পেরেছে সুইডেনের খেলোয়াড়রা।
বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বাদ পড়ে যাবে এই লজ্জা এড়াতে প্রথম থেকেই ইতালি বেশ আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছে। বেশ কয়েকটি সুযোগও পায় দলটি। কিন্তু বল জাল পর্যন্ত নিতে পারেনি। দ্বিতীয়ার্ধেও একইভাবে একের পর এক আক্রমণ করতে থাকে ইতালি। এই সময়টাতেও কোনো ফল পায়নি দলটি। ফলে খেলা গোল শূন্য ড্র হয়।
২০০৬ সালে জার্মান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুই আসরে গ্রুপ পর্ব পেরোতে পারেনি ইতালি। আর এবার বিদায়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়েন তারা।




