অনুমোদন পেলো শাপলা টিভি


এ কে এম কায়সরুল আলম: সম্প্রতি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয় থেকে অনুমোদন পেয়েছে নতুন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শাপলা টিভি। এখন পরীক্ষামূলক সম্প্রচারের অপেক্ষায় রয়েছে এই নতুন স্যাটেলাইট টেলিভিশন শাপলা টিভি। বাংলাদেশ এবং ভারত থেকে দুইটি আলাদা বেজ স্টেশনের মাধ্যমে পরিচালিত হবে এই শাপলা টিভির সম্প্রচার কার্যক্রম। সার্ভার ও ক্যাবল মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড এবং সবধরনের অ্যাপস পাশাপাশি থাকছে ইউটিউব লাইভ।
সর্বাধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে ট্রান্সমিশন কোয়ালিটি হবে খুবই উন্নত। ২৪ ঘণ্টার সম্প্রচারে থাকবে নাটক, ফিল্ম, টকশো, লাইভ ইভেন্ট, রিয়েলিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। তবে সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম ও বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এই চ্যানেলের মূল লক্ষ্য। তাই কেবল বিনোদন এবং প্রচলিত ধারণার বাইরে থেকেই প্রবাসীদের জন্য কাজ করবে এই চ্যানেল।
দেশে ও প্রবাসের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বেশ কিছু গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রের নির্মাণ কাজ শুরু হবে শীঘ্রই। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার ষ্টুডিও’র নির্মাণ কাজ শেষের পথে রয়েছে। ২০১৭ সালেই পরীক্ষামূলক সম্প্রচারে আসবে শাপলা টিভি। সেই লক্ষ্যে এখন ঢাকার ষ্টুডিওতে অনুষ্ঠান নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। এখন শুধু অপেক্ষা সম্প্রচারের।
শাপলা টিভি লিমিটেড এর সিইও মৃধা বেলাল বলেন, খুব শীগ্রই পরীক্ষামূলক সম্প্রচারে আসবে শাপলা টিভি । ভিন্নধর্মী সব অনুষ্ঠান নিয়ে আপনার ঘরের টিভি পর্দায় হাজির হবে শাপলা টিভি । মতামত, আইডিয়া কিংবা অনুষ্ঠান নির্মাণে আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি উপস্থাপনা, সংবাদ পাঠ বা কারিগরী সহায়তা ও সংবাদদাতা পদে কাজ করতে আগ্রহীদেরকেও শাপলা টিভিতে স্বাগতম। যারা শাপলা টিভিতে কাজ করতে আগ্রহী তারা shaplatvbd@gmail.comমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারেন।




