লিড নিউজ

নারায়ণগঞ্জে সালিশে ২ যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে সালিশের মধ্যেই দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে একটি রিকশা গ্যারেজে সালিশ বৈঠকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, হত্যার পর দুর্বৃত্তরা রিকশা গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। পালিয়ে যাওয়ার সময় পাশের একটি রেডিমেড কাপড় তৈরির কারখানায় লুটপাটও চালায় তারা।

নিহত দুইজন হলেন- ফতুল্লার সাহেব আলীর ছেলে মিলটন (২৫) এবং তার কর্মচারী ওই এলাকার মিজানুর রহমানের ছেলে পারভেজ (২৪)। সাহেব আলী ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরোনো ‍বিরোধ মেটানোর লক্ষ্যে রাত সাড়ে ৯টার দিকে সালিশ বসেছিলো। সালিশটি বসেছিলো হোসাইনগর এলাকায় রাজীবের মালিকানাধীন রিকশা ও অটো রিকশা গ্যারেজে। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে এক পক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। মিলটন ও তার কর্মচারী পারভেজকে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। এ ঘটনায় আহত হন রিকশা গ্যারেজের কর্মচারী রাজীব।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মঈনুল হক। পরিদর্শন শেষে তিনি জানান, শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘাতকদের শনাক্ত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button