আম্বরখানায় বহুতল ভবনের পরিকল্পনা সিসিকের


নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নগরীর আম্বরখানা পয়েন্টে নতুন বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে মার্কেট নির্মাণের জন্য প্রস্তুতিও সম্পন্ন করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই মার্কেট নির্মাণের লক্ষ্যে দরপত্র চালু করার সম্ভাবনা রয়েছে।
এরপর যথাযথ নিয়মমতো সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজের আদেশ দিবে সিসিক। এটি নির্মিত হলে নগরীতে নিজেদের মালিকানাধীন নতুন আরেকটি মার্কেট পাবে সিলেট নগরভবন। প্রশস্থ হবে নগরভবনের আয়েরখাত। নগরভবনের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
ওই সূত্রটি জানায়- ‘দীর্ঘদিন ধরে আম্বরখানা পয়েন্টে সিটি কর্পোরেশনের মালিকানাধীন ২ কোটি টাকা মূল্যমানের ৮ শতক জায়গা অন্যের দখলে ছিলো। তিনবছর পূর্বে ২০১৪ সালের ১৯ জুন বেদখলে থাকা এই জমিটি আইনীপ্রক্রিয়ায় নিজেদের দখলে নেয় নগরভবন কর্তৃপক্ষ। এরপর সেখানে সাইনবোর্ড লাগানো হয়- সিটি কর্পোরেশনের নিজস্ব ভূমি উল্লেখ করে। পরে মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সমন্বয়ে এখানে নতুন বহুতল মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যেই এখন কাজ এগুচ্ছে।’
২০১৪ সালের ১৯ জুন দুপুরে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুজ্জামান খানের নেতৃত্বে আম্বরখানা পয়েন্টের ৮ শতক জমি উদ্ধার অভিযান পরিচালিত হয়। এই জমির মূল্য ২ কোটি টাকা বলে সিসিক সূত্রে জানা গেছে। সেদিন অভিযানকালে জমির মালিকানা দাবি করে মো. ফাহিম আহমদ নামক জনৈক এক ব্যক্তি অভিযান কাজে বাধা সৃষ্টি করলে ছুটে আসেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। পরে ফাহিম চলে যান। অভিযানের সময় বেশ কয়েকটি দোকান, অবৈধ স্থাপনা, সাইনবোর্ড সরিয়ে ফেলে সিসিকের কর্মীরা। এসময় অবৈধ দখলদাররাও নিজ উদ্যোগে সরিয়ে নেয় মালামাল।
সেদিন বেশ নাটকিয়তার সাথে আকস্মিকভাবে অভিযান চালিয়েছিলো নগরভবন কর্তৃপক্ষ। যাতে অভিযান বাধাগ্রস্থ না হয়- সেজন্য।
১৯ জুন দুপুর ২টায় পুলিশ ম্যাজিস্ট্রেট সবাই প্রস্তুত অভিযানে যাবেন। সবাই জানেন অভিযান হবে দক্ষিণ সুরমায়। গাড়ির ড্রাইভার যখন গাড়ি স্টার্ট দিলেন, ঠিক সেই সময় মেয়র আরিফ বলে দিলেন-অভিযান হবে আম্বরখানায়। এ ব্যাপারে মেয়র বলেন, যাতে উচ্ছেদ অভিযান বাধাগ্রস্থ না হয় সেজন্যই তিনি কৌশল অবলম্বন করেন।’
সেদিন সফল উচ্ছেদ অভিযান শেষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছিলেন- ‘দীর্ঘদিন থেকে নগরীর আম্বরখানা পয়েন্টের এই মূল্যবান জমি অবৈধভাবে দখলদাররা ভোগ করছিল। সিসিক আজ নিয়মতান্ত্রিকভাবে তাদের জায়গা বুঝে নিয়েছে। এই জমি কাজে লাগিয়ে আয়কৃত অর্থ নগর উন্নয়নে ব্যয় হবে।’
তিনি বলেন- ‘সিসিকের যতো জায়গা বেদখল হয়েছে, সব জায়গাই পর্যায়ক্রমে উদ্ধার করে করপোরেশনের নিজস্ব আয়ের পথ প্রসারিত করা হবে। সিসিকের সম্পত্তি যথাযথভাবে ব্যবহার করে আয়ের উৎস বাড়ানো সম্ভব, এটা করা হবে। এবং নগরজুড়ে নগরবাসী পরিবর্তন দেখতে পাবেন।’
এদিকে আম্বরখানা পয়েন্টে মার্কেট নির্মাণের বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- ‘আম্বরখানা পয়েন্টে ইতোমধ্যে সিটির মালিকানাধীন জায়গা উদ্ধার করে মার্কেট নির্মাণের প্রস্তুতি নিচ্ছি।’
প্রসঙ্গত, সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডসমূহে কর্পোরেশনের নিজস্ব মালিকানাধীন বেশ কয়েকটি মার্কেট আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নগরীর সান্ধ্যবাজার, কাঙ্গালি মার্কেট, শিবগঞ্জ কিচেন মার্কেট। এসব মার্কেট থেকে নগরভবন মুনাফা করছে। এই মুনাফার পরিমাণ আরোও বাড়াতে আম্বরখানাতে বহুতল মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে নগরভবন কর্তৃপক্ষ।




