বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে মসজিদের ইমাম পরিবর্তনের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে লন্ডন প্রবাসীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতরা হলেন, মতিন মিয়া ও কবির মিয়া। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার মুগকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির মিয়া সম্প্রতি লন্ডন থেকে দেশে এসেছিলেন বলে পারিবারিক সূত্র জানিেয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তন নিয়ে দু’পক্ষের বিরোধ চলছিল। একপক্ষ বর্তমান ইমাম ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায়। অপরপক্ষ ওই ইমামের পক্ষে অবস্থান নেয়।
এ অবস্থায় শুক্রবার জুমার নামাজে সাতকাপন ইউপি চেয়ারম্যান মুগকান্দি গ্রামের আবদাল মিয়া আখঞ্জী গ্রুপের সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মাস্টারের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়।
এ ঘটনার জেরে শনিবার সকালে পুনরায় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৭ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কবির মিয়া ও মতিন মিয়া মারা য়ায়। খবর পেয়ে একদল দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর অনেকেই গ্রাম থেকে পালিয়ে গেছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান,নিহত দুজন দুই পক্ষের লোক। তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দাঙ্গাবাজদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।


