বিয়ানীবাজারে জামায়াতের সাবেক সেক্রেটারী গ্রেফতার


বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা মুফচ্ছির আহমেদ ফয়েজীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
সোমবার রাত ৭ টার দিকে উপজেলার মাথিউরা ইউনিয়নের উত্তরপাড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর নেতা ফয়েজীর বিরুদ্ধে চারটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন থেকে তিনি পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ও এসআই জিতেন্দ্রসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মুফচ্ছির আহমেদ ফয়েজীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৫ সালে পুলিশের সাথে জামায়াত-বিএনপি’র সংঘর্ষ ও একাধিক নাশকতা ঘটনার মামলা ছিলো বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
তিনি বলেন, চারটি মামলায় ফয়েজীর বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।




