লিড নিউজ

পাত্তা হারাচ্ছেন নেইমার, একাদশ থেকে বাদ!

স্পোর্টস ডেস্ক: বার্সা ছাড়ার আগে নিজেই স্বীকার করেছিলেন কথাটা। নেইমার বলেছিলেন- ভবিষ্যতে হয়তো আরও অনেকের সঙ্গেই খেলবো। কিন্তু মেসির মতো বন্ধুবৎসল এমন কাউকে আর কোনও দিনই হয়তো পাবো না। মাত্র তো মাস দুয়েক হলো বার্সা ছেড়ে পিএসজিতে গেলেন নেইমার। কিন্তু এই অল্প সময়েই তার সেই কথাটা সত্যি হতে চললো।

সত্যিই সময়টা ভাল কাটছে না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। স্বদেশি সতীর্থ সিলভা-আলভেসদের কথা মাথায় রেখে পাড়ি জমিয়েছিলেন প্যারিসে। তার উপর ছিল বিশাল অঙ্কের অর্থের হাতছানি। কিন্তু ক’দিনেই সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে।

পিএসজিতে লিওনেল মেসির মতো তারকাকে তো পাচ্ছেনই না, আক্রমণভাগটাতেও সম্প্রীতির টানাপোড়েন। আর সেই ফাটলের বড় কারণ পিএসজির উরুগুয়াইন স্টাইকার এডিসন কাভানি। চার বছর ধরে পিএসজিতে খেলা কাভানি কোনও ভাবেই নেইমারের পকেটবন্দি হতে রাজি নন- অন্তত শেষ দুই ম্যাচে তেমনটিই মনে হয়েছে।

অথচ এই কাভানি যে ভাবনার বড় কারণ হবে তা হয়তো ভুলেও ভাবেননি নেইমার। তাই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আক্রমণভাগের কর্তৃত্বটা নিতে চেয়েছিলেন নিজেই। কিন্তু বিধিবাম। চার বছর ধরে পিএসজিতে থাকা কাভানি তাকে সেই সুযোগটা দেননি। এতে বাদানুবাদে জড়িয়ে যান কাভানির সঙ্গে।

ক্লাব কর্তৃপক্ষকে বলেছিলেন কাভানিকে বেচে দিতে। কিন্তু নেইমার বাস্তবতাটা বুঝেছেন। কাভানিকে তো শাসানো হয়নি, লিয়নের বিপক্ষে গত সপ্তাহে ঘটে যাওয়া সেই ঘটনায় উল্টো তাকেই ক্ষমা চাইতে হয়েছে পুরো দলের কাছে।

পিএসজি বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। নেইমার ওই ঘটনার পর ইংল্যান্ড থেকে ছুটি কাটিয়ে এসেছেন। যোগ দিয়েছেন দলের ক্যাম্পেও। কিন্তু হঠাৎই জানানো হলো মঁপেলিয়ের বিপক্ষে শনিবার রাতের ম্যাচে নেই নেইমার।

তার না থাকার কারণ হিসেবে জানানো হয়েছে পায়ের ইনজুরির কথা। চোটটা গুরতর নয়, তবে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় এমেরি ঝুঁকি নিতে চাননি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে নিয়ে।

অবশ্য ফুটবল সংক্রান্ত ওয়েবসাইট গোলডটকম বিষয়টি দেখছে ভিন্ন চোখে। সেখানে বলা হচ্ছে- ‘শাস্তিস্বরূপ’ নেইমারকে মঁপেলিয়েরের বিপক্ষে ম্যাচে একাদশে রাখা হয়নি। যদিও আপাতত সরাসরি সেটি বলা যাচ্ছে না।

Related Articles

Back to top button