কুশিয়ারায় ধরা পড়েছে ৬০ কেজির বাঘাইড়


কে এম সুহেল আহমদঃ সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ রেল ব্রীজের নিচে ফিটাই টিকর গ্রামের মনাই মিয়া ও তার সহযোগীদের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটির বয়স প্রায় ৫ থেকে ৭ বছর বয়স হবে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কুশিয়ারা নদীতে নৌকায় চড়ে জাল নিয়ে মাছ শিকারে নামেন ফিটাই টিকর গ্রামের মনাই মিয়া ও তার সহযোগীরা । রাতভর নানা প্রজাতির মাছ ধরা পড়ে তাদের জালে। বুধবার ভোরের দিকে হঠাৎ তাদের জালে ধরা পড়ে বড় আকারের একটি বাঘাইড় মাছ। অনেক চেষ্টার পর কৌশলে বাঘাইড় মাছটি নৌকায় তোলেন তারা । বড় আকারের মাছ দেখে মনাই জেলে ও তাদের সহযোগীদের মুখে মধুর হাসি ফুটে ওঠে। পরে বুধবার সকালের দিকে কুশিয়ারা নদীর ঘাট থেকে এই মাছটি বিক্রির জন্য ফেঞ্চুগঞ্জ বাজারে নিয়ে আসেন মনাই জেলে ও তার সহযোগীরা । সেখানে মাছের দাম হাঁকা হয় প্রায় লক্ষাধিক টাকা। পরবর্তীতে সেই মাছটি পাইকারী দরে ৬৫ হাজার টাকায় নিয়ে আসেন
গোলাপগঞ্জ উপজেলার
বুধবারীবাজার ইউপি’র কালীজুরী গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ আকমল আলী ও ওলিউর রহমান তাদের স্থানীয় বুধবারী বাজারে বিক্রি করার জন্য।
আকমল আলী বলেন প্রথম বারের মতো এতো বড় বাঘাইড় মাছ কিনে নিয়ে আসেন তাদের বাজারে ‘
বাজারে এর আগে কোনো দিন এতো বড় মাছ উঠেনি। তাই খবর পেয়ে বাঘাইড় মাছটি দেখার জন্য অনেকেই ভিড় করেন।
এদিকে বুধবারীবাজারে নিয়ে আসা বাঘাইড় মাছ দেখার জন্য বিকেল থেকে উৎসুক জনতার ভীড় লেগেই আছে। মাছটি দেখে ক্রেতাদের মাঝে কেউ কেউ হাঁকছেন ৭০/৮০ হাজার টাকা।




