কানাইঘাটে প্রধান শিক্ষকের বদলি ঠেকাতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন


কানাইঘাট প্রতিনিধি ।। কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট থাকার পরও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল হককে অন্যত্র বদলির আদেশ দেওয়ার প্রতিবাদের রোববার ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। একই সাথে বিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপিও প্রধান করেছেন বিক্ষোব্ধ শিক্ষার্থীরা।
কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৭ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছে মাত্র ৯ জন। এর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল হককে অন্যত্র বদলীর সংবাদ পেয়ে স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক কর্তৃক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল হককে সুনামগঞ্জ জেলার তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে বদলির আদেশ দেওয়া হয়।
এ কারণে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপিও প্রেরণ করেন।
অবিলম্বে মইনুল হকের বদলি প্রত্যাহার না করা হলে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাসবর্জন সহ স্কুল গেইট তালাবদ্ধ করে রাখার আল্টিমেটামও দেন।




