গোয়াইনঘাটে আড়াই কোটি টাকার প্রকল্প পরিদর্শনে এমপি ইমরান


গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে সরকারী বরাদ্দ ২ কোটি ৫০ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিলেট-৪ আসনের সাংসদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ। প্রকল্পগুলো পরিদর্শনকালে তিনি বলেন, ‘সরকার প্রতিটি গ্রামকে যোগাযোগ, শিক্ষা, বিদ্যুতায়ন ও স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি প্রকল্পগুলো যথাযথভাবে সম্পন্ন করতে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
সোমবার সকালে এক কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে সালুটিকর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন পরিদর্শন করেন এমপি ইমরান। পরে ৩০ লাখ টাকা ব্যয়ে সালুটিকর-আঙ্গারজুর রাস্তার পাকাকরণ কাজ, ৩১ লাখ টাকা ব্যয়ে আম্বরখানা-ভোলাগঞ্জ রাস্তা থেকে মিত্রিমহল মাঝপাড়া মসজিদ পর্যন্ত রাস্তা পাকাকরণ, ৫০ লাখ টাকা ব্যয়ে পিয়াইনগুল-সুন্দ্রগাঁও, আঙ্গারজুর-পিয়াইনগুল রাস্তার পাকাকরণ কাজ, ২৫ লাখ টাকা ব্যয়ে দ্বারিরপার ব্রিজ, ৩৩ লাখ টাকা ব্যয়ে কদমতলা ব্রিজসহ কর্মসংস্থান কর্মসূচীর বরাদ্দকৃত ২৬ লাখ টাকার মাটির সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। কচুয়ারপার গাংকিনারী হয়ে জলুরমুখ রাস্তার মাটির কাজ পরিদর্শনও করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান (আমিরুল), নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান রিপন, কামরুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা নিশি পাল, জয়ন্ত দাস সুমন, ফারুক আহমদ, সাবেক মেম্বার আপ্তাব মিয়া, বিধান চন্দ, কাচা মিয়া, জেলা প্রজন্মলীগ নেতা মহি উদ্দিন মহি, যুবলীগ নেতা সোহান দে, আরিফ মাহমুদ শাহিন, ছাত্রলীগ নেতা আশরাফুল আমিন, রুবেল আহমদ, তমিজুর রহমান প্রমুখ।




