লিড নিউজ

এবার সিলেট কোর্ট হাজত থেকে আসামী গায়েব!

বিশেষ প্রতিবেদক : সিলেট কোর্টের হাজত থেকে এবার পালিয়েছে মাদক মামলার আসামি। হাজতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অনিয়ম-গাফিলতির কারণেই এ ঘটনাটি ঘটেছে। গত বুধবার দুপুর ২টার দিকে আদালতের সকল কার্যক্রম শেষ করার পর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এনাম আহমদকে (৩৮) রাখা হয় কোর্টের হাজতে। এসময় টাকা দিয়ে ভাত খাওয়ার সময় আসামি এনাম পালায় বলে সূত্র জানিয়েছে।

তিনি সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। পরবর্তীতে এনামসহ মামলার অন্যান্য আসামিদের দুপুর আড়াইটায় কারাগারে নেয়ার জন্য প্রিজন ভ্যান কোর্টে আসলে একে একে আসামিদেরকে ভ্যানে তোলা হয়।

এসময় হাজত থেকে বের করে অন্যান্য আসামিদের সাথে দাঁড় করিয়ে রাখা হয় মাদক ব্যবসায়ী এনামকে। পুলিশ সদস্যরা যখন অন্যান্য আসামিদেরকে প্রিজন ভ্যানে তুলায় ব্যস্ত রয়েছেন সেই ফাঁকেই হাজত থেকে পালিয়ে যায় এনাম। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, মূলত হাজতে টাকার বিনিময়ে আসামিদের ভাত খাওয়ার সুব্যবস্থা রয়েছে। হ্যান্ডকাপ খুলে ভাত খাওয়ার সময় আসামি এনাম পালিয়েছে।

পুলিশ জানায়, সিলেট র‌্যাব-৯ এর একটি দল গত মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন উপশহর, ব্লক-ডি ব্লকের ৩৫ নম্বর রোডের ৪ নম্বর বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এনাম আহমদকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

সূত্র জানিয়েছে, কোর্ট লকাপে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে আসামিদের ভাত খাওয়ানোর অনিয়ম করে আসছে পুলিশ। এসএমপি কোর্ট লকাপের ইনচার্জ শফিক প্রতিমাসে আসামিদের ভাত খাইয়ে অর্ধলাখ টাকা আয় করে থাকেন। যে কারণে কোর্ট লকাপের আসামিরা ইচ্ছেমতো খাতির পায়। আর এই খাতির যত্নের সুযোগ নিয়ে আসামি এনাম পালিয়েছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, এনামকে ইয়াবাসহ গ্রেফতারের পর র‌্যাব থানায় মাদক আইনে মামলা দায়ের করে। বুধবার তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

কোর্ট আওতাধীন কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, মাদক মামলার এক আসামি কোর্ট হাজত থেকে পালিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ঘটনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে সাথে অবহিত করেছে কোর্ট পুলিশ। এ ঘটনায় একটি জিডিও করা হয়েছে।

সিলেট কোর্ট হাজতের ইনচার্জ এসআই শফিকুর রহমান জানান, র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী এনাম আহমদ প্রিজন ভ্যানে তুলার আগেই অগোচরে পালিয়েছে। অন্যান্য আসামিদের যখন পুলিশ প্রিজন ভ্যানে তুলছিলো তখন সেসহ আসামীদেরকে হাজতের সামনে দাঁড় করিয়ে রাখে পুলিশ। এই ফাঁকে সে পালায়।

Related Articles

Back to top button