লিড নিউজ

এবার আরেক ‘ধর্ষক বাবা’ গ্রেফতার

নিউজ ডেস্ক: ভণ্ড, প্রতারক, ধর্ষক ধর্মগুরু রাম রহিমের পর এবার আরেক বাবাকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ২১ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতের রাজস্থানের ‘ফলাহারি বাবা’ নামে ওই ধর্মগুরুকে গ্রেফতার করা হয়েছে। তিনি কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ নামে পরিচিত। যিনি নিজেকে ভগবানের প্রতিনিধি দাবি করেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ৭০ বছর বয়সী স্বঘোষিত এই ‘ধর্মগুরু’কে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির।

গত বুধবার (২০ সেপ্টেম্বর) দেশটির ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরের ওই তরুণীর দায়ের করা অভিযোগটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়, ৭০ বছর বয়সী ফলাহারি মহারাজ নামে ওই ধর্মগুরু গত ৭ আগস্ট রাজস্থানের আলওয়ারে নিজ আশ্রমে ওই তরুণীকে যৌন নিপীড়ন করেন। মামলা নথিভুক্ত হওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্তে নামে রাজস্থানের আরাবালি থানা পুলিশ।

তদন্ত শুরু হলে পুলিশ ওই বাবার আশ্রমে গিয়ে দেখেন তিনি উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে আলওয়ার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আলওয়ারের অতিরিক্ত পুলিশ সুপার পরশ জেইন বলেন, ‘ফলাহারি বাবার মেডিকেল টেস্টের ফল আমরা হাতে পেয়েছি। এতে দেখা যাচ্ছে তার ইসিজি, সুগার ও ব্লাড প্রেসার সবই স্বাভাবিকই। এর পরই তাকে গ্রেফতার করা হয়।’

এদিকে ফলাহারি বাবার বিরুদ্ধে মামলার অভিযোগে উল্লেখ করা হয়- ওই তরুণী ও তার বাবা-মা কয়েক বছর ধরে ‘ফলাবারি বাবা’র অনুসারী। গত ৭ আগস্ট রাতে ধর্মগুরু বাবা ওই তরুণীকে আশ্রমে থাকতে বলেন। তরুণীও কথা মতো পরিবারের সম্মতিতে বাবার আশ্রমে থেকে যান। পরে রাতভর তাকে ধর্ষণ করেন ফলাহারি বাবা।

রাজস্থানের পুলিশ বলছে, ধর্ষণের অভিযোগ থাকা ওই ধর্মগুরু বেশ কয়েকবার ওই তরুণীর বাসায় গেছেন। তরুণী ও তার পরিবারও ছিল বাবার প্রতি অনুগত। আইন নিয়ে পড়াশোনা শেষে ইন্টার্নশিপে ছিলেন ওই তরুণী।

এ বিষয়ে ছত্তিশগড়ের বিলাসপুরের পুলিশ কর্মকর্তা অর্চনা ঝা বলেন, ‘অভিযোগকারী তরুণীর পরিবার তাকে বাবার কাছে যেতে বলেন। বাবার সঙ্গে সাক্ষাতের পর বাবা তাকে অপেক্ষা করতে বলেন। এক পর্যায়ে তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণের বিষয় কাউকে না জানাতে তাকে হুমকি দেন। ওই তরুণী বিষয়টি তার বাবা-মায়ের কাছে জানানোর পর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মামলা নথিভুক্ত করি।’

উল্লেখ্য, সম্প্রতি দুই নারী শিষ্যকে ধর্ষণের দায়ে ভারতের আলোচিত ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিংয়ের ২০ বছরের কারাদণ্ড হয়। এ নিয়ে তুমুল আলোচনার মুখে তরুণী ধর্ষণের মামলায় আরেক ধর্মগুরু বাবাকে গ্রেফতার করা হলো।

Related Articles

Back to top button