বিয়ে করলেন লাক্স তারকা নিশা


বিনোদন ডেস্ক : বিয়ে করলেন লাক্স তারকা মেহরিন ইসলাম নিশা। শুক্রবার সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবেই নিশার বিয়ে হয়। বরের নাম সৈয়দ নাঈম আহমেদ, যিনি পেশায় একটি কর্পোরেট সেলস বিভাগের কর্মকর্তা। এ বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিশা বলেন, ‘ওর (সৈয়দ নাঈম আহমেদ) সঙ্গে আমার পরিচয় ২০১৫ সালে কলেজে পড়ার সময় থেকে। বছর দুয়েক আগে প্রেম হয় আমাদের মধ্যে। দুজনার পছন্দের কথা পরিবারকে জানানোর পর পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে।’
তবে এখনই ঘটা করে বিয়ের সংবর্ধনার আয়োজন করছেন না নিশা। জানান, ‘আগামী বছর জানুয়ারি মাসে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। এর মধ্যে বাকি সময়টা নিজেদের একটু গুছিয়ে নিতে চাই।’
এদিকে বিয়ের জন্য নাটকের শুটিং থেকে আপাতত ছুটি নিয়েছেন নিশা। তবে রোববার থেকে আবার শুটিং করবেন। ঈদের কাজের পাশাপাশি আছে ধারাবাহিকের কাজও।
নিশা জানান, ঈদের পর ৬ সেপ্টেম্বর মধুচন্দ্রিমা করতে তারা যাচ্ছেন ব্যাংককের পুকেটে। সেখানে থাকবেন ১০ দিন।
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন মেহরিন ইসলাম নিশা।




