বিপিএল’র বাজির টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬


হবিগঞ্জ প্রতিনিধি : বিপিএল-এর বাজির টাকা নিয়ে হবিগঞ্জ শহরের উমেদনগরে দু’দল যুবকের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ভাংচুর হয় যানবাহনসহ বৃন্দাবন কলেজ হোস্টেল। আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। এঘটনায় অন্তত ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছ।
জানা যায়, রবিবার রাতে হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কস্থ আমির চান কমপ্লেক্সের সামনে বিপিএল-এর বাজির টাকা নিয়ে বৃন্দাবন কলেজের ছাত্র মাহিন ও মুনের কথা কাটা-কাটি হয়। এ নিয়ে ঘটে হাতা-হাতি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা। এরই জের ধরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে উমেদনগর এলাকায়। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ ঘটনায় টেটাবৃদ্ধসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতরা হল, ফটিক খান (৫০), আফজল মিয়া (১৭), মিলন মিয়া (৪০), রাশেদ (২৭), মাহমুদুর রহমান (২৮) ও হাফিজুর রহমান (৫৫)। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনার জের ধরে বৃন্দাবন কলেজ হোস্টেলসহ উমেদনগর এলাকায় ৮টি সিএনজি, ২টি বাস ও ২টি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে।



