লিড নিউজ

বিয়ানীবাজারের যমুনা ব্যাংকের ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজারের যমুনা ব্যাংকের ম্যানেজার সজল কান্তি দাস (৪২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল আনুমানিক ৪ ঘটিকার দিকে তিনি আত্নহত্যা করতে পারেন ধারণা করেছে পুলিশ।
জানা যায়, সজল সিলেট শহরের বাঘবাড়ি এলাকার নরসিংহ টিল্লার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম যুগেন্দ্র চন্দ্র দাস, মাতার নাম ছায়া রানী দাস। তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩য় তলায় যমুনা ব্যাংকের আরো দুই কর্মকর্তার সাথে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

সোমবার তিনি সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্যাংকে কাজ করেছেন। বিকাল তিনটায় দুপুরের খাবার খেতে বাসায় যান। প্রতিদিন চারটার দিকে ফিরলেও আজ এ সময় ব্যাংকে না ফেরায় ব্যাংকের অন্য কর্মকর্তারা এক কর্মচারিকে পাঠান।

সে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে এসে জানালে কয়েকজন কর্মকর্তা সেখানে ছুটে যান। তারাও বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে বাসার মালিক ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলরকে খবর দেন।

তারা এসে পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সোমবার ব্যাংক সময় শেষে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা যাচ্ছে।

তিনি ভাড়া বাসার কক্ষের ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁস দেন। তার মুখে একটি গামছা বাঁধা ছিল। বিছানার উপর একটি প্লাস্টিকের চেয়ার ও পানির বোতল রয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে আত্নহত্যা বলে আমরা ধারনা করছি। একটি সুইসাইড নোট পাওয়া গেছে। যাছাই-বাছাই করে বিস্তারিত জানানো হবে।

Related Articles

Back to top button