লিড নিউজ

বানিয়াচংয়ে বাড়ছে অপরাধ: আইনশৃঙ্খলার অবনতি

রায়হান উদ্দিন সুমন: বানিয়াচংয়ে আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রায় ৬ থেকে ৭টি চুরি-ডাকাতি,মন্দিরে আগুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটেছে। এসব ঘটনায় কার্যত জনমনে চরম আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে। অনুসন্ধানে জানা যায়,উপজেলা সদরে সন্ধ্যার পরেই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ নির্বিঘেœ তাদের বাড়ি ঘরে পৌছুতে ভয় পাচ্ছেন।

কিছুদিন পূর্বে হিন্দু সনাতন ধর্মের জয়কালিবাড়ি মন্দিরে হানা দেয় ডাকাতদল। সেখানে মূর্তির গা থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। এরপরে বানিয়াচং বানেশ্বর বিশ্বাসের পাড়াস্থ সন্তোষ মোদকের লোকনাথ মন্দিরের ঘরের তালা ভেঙ্গে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। অপরদিকে রায়েরপাড়া ডা. অসিত বরণ রায়ের বাসার গ্রিল কেটে ঘরে ঢুকে দুইটি দামী মোবাইল ফোন নিয়ে যায় দুর্র্বৃত্তরা।

পরের দিন রায়ের পাড়ার রামকৃষ্ণ সেবাশ্রমের কাছে সন্ধ্যার পরপরই এক প্রবাসীকে মারধর করে করে তার ব্যবহৃত দামী মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তের দল। এ ঘটনা যেতে না যেতেই ওই রাতে বানিয়াচং পূজা উদযাপন পরিষদের নেতা বাবু মাধব দেবের বাড়িতে হানা দেয় ডাকাতদল। সেখানে মেইন ঘরের গ্রিলের তালা ভেঙ্গে ঘরে ঢুকে চেতনানাশক ঔষধ দিয়ে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে অজ্ঞান করার চেষ্টা করে। পরে বিষয়টি ঠের পেয়ে চিৎকার দিয়ে উঠেন মাধব দেবের স্ত্রী। এ অবস্থায় কোন কিছু করতে না পেরে যাবার সময় তার গলা থেকে দেড় ভরি ওজনের একটি চেইন নিয়ে যায় ডাকাতরা।

অন্যদিকে গত রবিবার রাতে গ্যানিংগঞ্জ বাজারের পশ্চিমে জনাব আলী রোডের সম্রাট মোবাইলের দোকানসহ পাশের আরেকটি দোকানের স্টাটারের তালা ভেঙ্গে ঘরে রক্ষিত প্রায় ৩৫ থেকে ৪০টি মোবাইল,ডিসপ্লে,রেবনসহ অন্যান্য জিনিস নিয়ে যায় ডাকাতরা। যার আনুমানিক বাজার মুল্য প্রায় দুই লাখ টাকার উপরে। একই রাতে তোপখানা হাফিজ উদ্দিনের দোকানে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা প্রায় লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দেয়। সন্ধ্যা হলেই নতুনবাজার থেকে বড়বাজারের বাংলালিংক টাওয়ারের কাছে ছিনতাইয়ের শিকার হন পথচারীরা।

এভাবে প্রতিরাতে কোন না কোন পাড়া মহল্লায় বা হাট-বাজারে ডাকাতির ঘটনা ঘটছে। কয়েকদিনের ব্যবধানে এসব কর্মকান্ড ঘটায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। কেউ কেউ পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এদিকে হঠাৎ করে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী,জুয়াড়িদের যদি ধরে আইনের আওতায় আনা যায় তাহলে কিছুটা হলেও অপরাধমূলক কর্মকান্ড লাঘব হবে বলে মনে করেন সচেতন জনগন। এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করলেও মূল আসামিরা রয়ে যায় ধরাছোঁয়ার বাহিরে।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, অপরাধ দমনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। পাশাপাশি এলাকার চোর-ডাকাত,মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের তালিকা তৈরীর কাজও এগিয়ে চলছে। অপরাধীরা যত শক্তিশালীই হোক কাউকে ছাড় দেয়া হবেনা। সবাইকে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Back to top button