বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই মহল্লার অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের দুই এসআই আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে পাড়াগাও ও চিলাপাঞ্জা মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৩ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। রাত ১০টার দিকে রিপোর্ট লেখার সময় আহতদের বানিয়াচং ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে জাতুকর্ণপাড়া ঈদগাহ মাঠে পাড়াগাঁও ও চিলাপাঞ্জা মহল্লার যুবকরা এক প্রীতি ফুটবল ম্যাচ খেলে। খেলার শেষের দিকে একটি গোলকে কেন্দ্র করে পাড়াগাঁও মহল্লার মৃত সাহাব উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়ার (২২) ও ছিলাপাঞ্জা গ্রামের রমজান আলীর ছেলে কামাল মিয়ার (২০) মধ্যে হাতাহাতি ঘটে। পরে দুই মহল্লা হবিগঞ্জ-বানিয়াচং সড়কের চিলাপাঞ্জায় এসে দণন মহল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, সংঘর্ষে দুই পক্ষের ৪০-৫০ লোক আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ সাহসী ভূমিকা রেখেছে। এসময় পুলিশের এসআই ফিরোজ ও এসআই প্রদীপ আহত হন।
থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।



