এমসি কলেজের ছাত্রাবাস ফের খুলে দেওয়ার দাবিতে অধ্যক্ষ ভবনের ফটকে তালা: শিক্ষার্থীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক : অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস ফের খুলে দেওয়ার দাবিতে কলেজ অধ্যক্ষ ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকাল ১০ টা থেকে দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলমান রয়েছে।
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর গত ১৩ জুলাই সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। আজ কলেজ কাউন্সিলের সভা হওয়ায় কথা রয়েছে। এ কারণে সকাল থেকে আবাসিক ছাত্ররা এসে জড়ো হয় কলেজ ক্যাম্পাসে। পরে তারা অধ্যক্ষ ভবনের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এদিকে, ছাত্রলীগের একটি পক্ষের বিরুদ্ধে অবস্থানকারী সাধারণ ছাত্রদের আন্দোলন বন্ধ করে চলে যাওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য জানা যায়নি।





