লিড নিউজ

সুনামগঞ্জের যে এলাকায় ৫’শ ছাত্রের জন্য পাঁচ শিক্ষক!

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। পাঠদান সচল রাখতে নিয়োগ দেওয়া প্যারা শিক্ষকদেরও ঠিকমতো বেতন দিতে না পারায় তাঁরাও বিদায় নিচ্ছেন।

জানা যায়, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে বসন্তপুর ও ভাদেরঠেক এই দুটি সরকারি প্রথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ক্লাস কয়েক বছর আগে চালু করা হয়েছে। এরমধ্যে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে। এই বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি তার সাথে শিশু শ্রেণিসহ মোট ৯টি শ্রেণির ৪৮৯ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ৫ জন। ১ম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষকের ৭টি পদ রাখা হয়েছে।

এরমধ্যে ৬ জনের নিয়োগ থাকলেও ৫ জন কর্মরত রয়েছেন। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্য কোনো শিক্ষক বর্তমানে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই। ফলে ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা বাধ্য হয়ে ২জন প্যারা শিক্ষক নিয়োগ দিয়েছেন।

অভিভাবকদের আর্থিক অস্বচ্ছলতার কারণে প্যারা শিক্ষকদের বিদায় দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের পদটিও দীর্ঘদিন শূন্য থাকায় একজন সহকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, এই বিদ্যালয়ে ৭ জন শিক্ষকের পদ থাকলেও ৬ জনের নিয়োগ রয়েছে, ১ জন মেডিকেল ছুটিতে আছেন, আমরা ৫ জন কর্মরত আছি।

তিনি জানান, ২টি শিফটে ৯টি ক্লাস হয়, ১ম শিফটে ৭ টি ক্লাস ও ২য় শিফটে ৬টি ক্লাস নিতে হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ টি এম শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের শিক্ষক সংকটের কারণে প্যারা শিক্ষক রেখেছিলাম, তাদের বেতন দিতে না পারায় তারা চলে গেছেন।

Related Articles

Back to top button