পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ অনিল কুম্বলে


ক্রীড়া ডেস্ক : জল্পনা-কল্পনাকে সত্য প্রমাণ করে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন অনিল কুম্বলে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শেষ হয়ে যায় কুম্বলের চুক্তি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত তাকে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাতে বলা হয়েছিল। কিন্তু তিনি নিজেই সরে দাঁড়ালেন। মঙ্গলবার সকালে লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু দলের সঙ্গে যাননি কুম্বলে।
জল্পনা শুরু হয়েছিল সোমবার থেকেই। জানা যাচ্ছিল না আদৌ দলের সঙ্গে যাবেন কি না কুম্বলে। টিম ম্যানেজমেন্টও তা নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি। ক্রিকেটাররাও ছিলেন পুরো অন্ধকারে। শেষ পর্যন্ত খোলসা করলেন স্বয়ং কুম্বলেই।
কোহালি ও কুম্বলের সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে সেটা এতদিনে জেনে গেছে সবাই। যে কারণে শুরু হয়েছে নতুন কোচের খোঁজ। বিজ্ঞাপন দেয়া হয়েছে আবেদনপত্র চেয়ে। যেটা কুম্বলের পক্ষে মেনে নেয়া সম্ভব ছিল না। তার হাত ধরে কম সাফল্য পায়নি ভারতীয় দল। ঘরের মাঠে টানা টেস্ট সিরিজ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছনো সবই রয়েছে সেই তালিকায়। তার পরও নতুন কোচের খোঁজ শুরু হওয়াটা ভালভাবে নিতে পারেননি তিনি। যে কারণেই এই সরে দাঁড়ানো।




