লিড নিউজ

জুড়ীতে গ্রীষ্মকালীণ টমেটোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আব্দুর রহমান শাহীন, জুড়ী (মৌলভীবাজার) : বানের জলে বানবাসীদের যখন পানির সাথে জীবন বাজি লড়াই চলছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলা চারিদিকে তখন বন্যার পানিতে থৈই থৈই করছে। নিন্মাঞ্চলের বসতবাড়ি রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় নিমজ্জিত। দফায় দফায় কৃষকেরা সবজিসহ বোরো, আউস ও আমন ফসল হারিয়ে দিশেহারা। ঠিক তখনই নিত্য নতুন চাষাবাদে সাফল্যের পথে বাহাদুরপুর গ্রামের মোঃ সেবুল মিয়া। তিনি টমেটো ও লাউয়ের বাম্পার ফলন এবং অধিক লাভের প্রত্যাশায় চলতি মৌসুমে পরীক্ষামূলক ভাবে ১শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটো এবং ৩ শতক জমিতে গ্রীষ্মকালীন লাউ চাষাবাদ করেছেন। এতে টমেটো চাষে ১ শতক জমিতে তার খরচ হয় ২ হাজার টাকা এবং ৩শতক লাউয়ে খরচ হয় ১হাজার ২শ টাকা। বর্তমানে তিনি ৫হাজার টাকার অধিক গ্রীষ্মকালীন টমেটো এবং গ্রীষ্মকালীন লাউ প্রায় ৩ হাজার টাকার বিক্রি করেছেন। প্রতিবেদকের সাথে আলাপকালে সেবুল বলেন, সত্যি কৃষি কাজ লাভজনক একটি পেশা । আজ আমি খুব আনন্দিত। বিদেশে অনেক টাকা উপার্জন করেছি, কিন্তু এতো আনন্দ কোনদিন পাইনি। কোনদিনও এমনভাবে কাজের মূল্যায়ণ কেউ দেয়নি। আজ আমার ব্যাতিক্রমী ওই চাষাবাদ দেখতে অনেক গুনিজন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ আসছেন। আমার কতটা আনন্দ লাগছে তা আপনাদের বোঝাতে পারবো না। তিনি বলেন, দীর্ঘ ১৩বছর প্রবাসে (দুবাই) ছিলাম। একটি কোম্পানীতে ভালো বেতনে কাজ করতাম। কোম্পানীর সমস্যার কারণে দেশে চলে আসতে হয়েছে। দেশে আসার পর অবসর সময় কিছুতেই কাটছিলনা। তাই পার্শ্ববর্তী কৃষক মাঠ স্কুল প্রশিক্ষনপ্রাপ্ত দীপক নাথ ও অভিন্দ্র নাথের পরামর্শে আমি কৃষি কাজের প্রতি আগ্রহী হই। তাই আমি নিজে সমন্বিত খামার ব্যবস্থা (এফ আই এম সি) থেকে প্রশিক্ষন নিয়েই চলতি বছরের জুন মাসের ২১ তারিখে গ্রীষ্মকালীণ টমেটো চারা ও একই দিনে গ্রীষ্মকালীণ লাউয়ের বীজ রোপন করি। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আন্তরিক সহযোগীতা, পরামর্শ ও তদারকিতে বাম্পার ফলন হয়েছে। ভালোভাবে পরিচর্যা করলে টমেটো আরো ৫-৮ হাজার এবং লাউ ২-৩ হাজার টাকার বিক্রি করা যাবে। ফলে সব মিলিয়ে লাভ হতে পারে ১৮ থেকে ২০ হাজার টাকা। এ ব্যপারে জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার জানান, চলতি মৌসুমে পরীক্ষামূলভাবে আমরা নিত্য নতুন এ চাষাবাদ শুরু করতে সেবুল কে পরামর্শ ও উৎসাহ দেই। এবারে ভালো ফলন হওয়ায় কৃষকদের গ্রীষ্মকালীণ সবজি চাষে উৎসাহ বাড়বে। আগামীতে ব্যাপকভাবে গ্রীষ্মকালীণ সবজিসহ ভাসমান সবজির চাষাবাদ করতে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Related Articles

Back to top button