লিড নিউজ

পরপর দুইদিন পুলিশের হাতে ধরা খেলেন সচিব!

মিডিয়া ডেস্ক: পরপর দুইদিন উল্টোপথে গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা।

২৫ সেপ্টেম্বর সোমবার উল্টোপথে আসার সময় বাংলামটরের পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ভবনের সামনে সচিবের গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১৫-৪৮৮৯) আটকায় পুলিশ সদস্যরা। ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গাড়ির চালক বাবুল মিয়ার বিরুদ্ধে  মামলার পাশাপাশি গাড়িকে জরিমানা করা হয়। পরে গাড়ি ঘুরিয়ে সোজা পথ আসতে বলা হয়। এদিন পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার গাড়িও আটকানো হয় উল্টোপথে আসার কারণে।

এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মোসলেহউদ্দিন আহমেদ ও উপ-কমিশনার রিফাত রহমান শামীম। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেন যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ।

অভিযান শেষে অতিরিক্ত কমিশনার মোসলেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিকেল সাড়ে ৪টায় বাংলামটরে অভিযান শুরু করি। উল্টোপথে আসায় দুটি গাড়ি ও সাতটি মটরসাইকেল আটক করা হয়। আটককৃত গাড়ি দুটিকে জরিমানা এবং একটি মটরসাইকেলকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এই অভিযান প্রায়ই চালানো হবে। কোন কোন জায়গা দিয়ে উল্টোপথে গাড়ি আসে, সে বিষয়ে খোঁজ নিয়ে ওই সব জায়গায় আমরা অভিযান চালাব।’

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বরও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়ি আটকানো হয়েছিলো উল্টোপথে যাতায়তের কারণে। উভয়দিনই সচিব মাফরুহা সুলতানা গাড়িতে থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তার গাড়ি ছাড়াও হেয়ার রোডে ঘণ্টা দুয়েকের মতো সময় নিয়ে চালানো অভিযানে ৫০টির মতো গাড়ি আটকানো হয়। যার অধিকাংশই ছিল সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের।  এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের অভিযানে উল্টোপথে আসা মোট ৩০০টি গাড়িকে মামলা দেওয়া হয়।

Related Articles

Back to top button