পরীক্ষার কেন্দ্রে “মা” হলেন শিক্ষার্থী


মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে পরীক্ষা কেন্দ্রে স্বর্ণালী আক্তার নামে এসএসসি পরীক্ষার্থী ছেলে সন্তান প্রসব করার ঘটনা ঘটেছে। সন্তান প্রসব করার পর পরীক্ষা দিয়েছে এ শিক্ষার্থী। রোববার গণিত পরীক্ষা চলাকালীন উপজেলার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় ভ্যানু কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের জহুরুল ইসলামের মেয়ে স্বর্ণালী আক্তার। সে বগারপাড় উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার এসএসসি পরীক্ষার্থী। রোল নং ৪২৯৩৭৩।
রোববার সকাল ৯টার সময় কেন্দ্রের ১৩নং কক্ষে পরীক্ষা দিতে উপস্থিত হয়। এ সময় হঠাৎ করে তার প্রসব ব্যথা দেখা দেয়। পরে তাকে কেন্দ্রের অন্য একটি কক্ষে নেয়ার পরপরই ছেলে সন্তান প্রসব করে। এরপর ‘মা’ সুস্থ্য থাকায় সে কক্ষেই সন্তানের পাশে ওই অবস্থায় গণিত পরীক্ষা দেয়।
রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান ও পরীক্ষা পরিদর্শক সরোয়ার আসলাম বলেন, স্বর্ণালী আক্তার নামে এক পরীক্ষার্থী সন্তান প্রসব করায় তাকে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়া হয়েছে।




